ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ের চেয়ে ব্যবসায় বেশি সময় দিচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতন পেরিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা প্রভা অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। তবে এখন আর নিয়মিত কাজের প্রতিযোগিতায় থাকতে চান না তিনি। পছন্দের গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই অভিনয়ে যুক্ত হচ্ছেন।
বড় পর্দায়ও দেখা যাবে প্রভাকে। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমা—ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’য় অভিনয় করছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় সিনেমা দুটিতে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের মধ্যে বাকি অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি মোশাররফ করিমের বিপরীতে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন প্রভা। এ ছাড়া আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটক এবং টেলিভিশন ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন তিনি।
ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা ও সাইবার বুলিংয়ের অভিজ্ঞতা পেরিয়ে আবারও নিজের অবস্থান শক্ত করেছেন প্রভা। অতীতে ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কের কারণে দীর্ঘ সময় মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। পরবর্তী সময়ে সেসব বাধা কাটিয়ে কাজে ফেরেন। এখন অপপ্রচার ও অনলাইন হয়রানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিজের কাজ ও জীবন নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এই অভিনেত্রী।




