প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হন তানজিন তিশা। ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও স্টোরিতে উপহার পাওয়া জিনিসের ছবি দেওয়া তার স্বাভাবিক কার্যক্রমের অংশ। এমন একটি উপহারকে কেন্দ্র করেই তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে।তিশার বক্তব্য অনুযায়ী, পরিচিত এক বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন। ওই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। শাড়িটি নেওয়ার পর সেটি পরে ছবি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তিশা জানান, সময় করে ছবি দেওয়ার কথা বলেছিলেন তিনি।

তবে সে সময় ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় ছবি দেওয়া সম্ভব হয়নি। শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন বলে জানান তিনি।এর মধ্যেই তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে সংবাদ প্রকাশের বিষয়টি জানতে পারেন বলে জানান তিশা। তার ভাষ্য, অভিযোগ তোলার আগে সংশ্লিষ্টরা চাইলে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন।

এখন মামলাটি নিয়ে কারও উদ্দেশ্য বা কারণ জানতে আগ্রহী নন বলে জানান অভিনেত্রী। তার প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির সুরাহা হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।প্রয়োজনে একাধিকবার আদালতে আসতেও প্রস্তুত রয়েছেন জানিয়ে তানজিন তিশা বলেন, একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে।