জমকালো আয়োজন নয়, দুই সন্তানকে পাশে নিয়েই জন্মদিনের প্রথম প্রহর উদ্যাপন করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার দিবাগত রাতে সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়ে কেক কাটার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
আজ শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে লাল রঙের গাউনে হাস্যোজ্জ্বল অবস্থায় কেক কাটতে দেখা যায় তাকে। এ সময় পাশে ছিল তার দুই সন্তান। জন্মদিনের আনন্দে মাকে জড়িয়ে ধরে আদর ও চুমুতে ভরিয়ে দেয় তারা।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন পরীমনি। তবে দুই সন্তানকে ঘিরেই তার জীবনের আনন্দের বড় একটি অংশ। এর আগে বিভিন্ন সময়ে জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করলেও এবার সন্তানদের সান্নিধ্যেই বিশেষ দিনটির সূচনা করলেন এই অভিনেত্রী।




