জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী পরীমনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে পরীমনিকে জড়িয়ে ধরে স্নেহ প্রকাশ করেন তিনি। এ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও মতবিরোধ। প্রতি বছরের মতো এবারও ঘরোয়া পরিবেশের পাশাপাশি জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপন করেন পরীমনি।
অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ওমর সানীও ছিলেন, যিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীমনিকে আলিঙ্গন করেন এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। অনুষ্ঠানের ওই মুহূর্তে পরীমনিকেও জ্যেষ্ঠ সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। একাংশের ব্যবহারকারী দৃশ্যটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
তাদের মতে, পর্দার বাইরের এমন ঘনিষ্ঠতা সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এড়িয়ে চলা যেত। তবে অন্য একটি অংশ ওমর সানীর আচরণকে স্নেহ ও অভিভাবকসুলভ ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, চলচ্চিত্র অঙ্গনে ওমর সানী একজন জ্যেষ্ঠ শিল্পী; তিনি পরীমনিকে ছোট বোনের মতো স্নেহ করেন। তাই এ ঘটনাকে বিতর্কিত করে দেখার প্রয়োজন নেই। চলচ্চিত্রসংশ্লিষ্টদের একাংশের মতে, এমন আনন্দঘন অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহকর্মীর স্নেহ বা আশীর্বাদকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করা অনাকাঙ্ক্ষিত। তাদের ভাষ্য, বিনোদন অঙ্গনের সহকর্মীদের মধ্যে পারিবারিক সম্পর্কের মতো আন্তরিকতা থাকতেই পারে।




