দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তের অবসানে আবেগাপ্লুত হয়ে পড়েন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। প্রতিমা বিসর্জনের সময় তার বিষণ্ন মুখের ছবি এবং বাবার স্নেহের মুহূর্ত সামাজিক পরিসরে আলোচনার বিষয় হয়ে ওঠে। পূজার আগে কলকাতায় ফিরেছিলেন সানা। পরিবারের সঙ্গে উৎসবের দিনগুলো আনন্দেই কাটছিল। কিন্তু দশমীর বিদায়বেলায় সেই আনন্দে ভাটা পড়ে। প্রতিমা বিসর্জনের সময় প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণাম করেন তিনি।
এ সময় তার চোখেমুখে ছিল আবেগের ছাপ। সেবড়িশা প্লেয়ার্স কর্নারের পূজায় মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে ঢাকের তালে তাকে নাচতেও দেখা যায়। পরে মেয়ের মন খারাপ দেখে তাকে কাছে টেনে নিয়ে মাথায় চুমু দেন সৌরভ। মেয়ের প্রতি তার গভীর স্নেহের বিষয়টি বরাবরই পরিচিত। এদিকে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার আসন্ন সিনেমা ‘দাদা—দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র প্রচারের অংশ হিসেবে তিনি সৌরভের বাড়িতেও যান।
মহাষ্টমীর দিন সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে ম্যাডক্স স্কোয়ার ও অ্যালেন পার্কসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। লাল পাঞ্জাবিতে বাঙালি সাজে নজর কাড়েন এই অভিনেতা। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সিনেমাটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০০১ সালে জন্ম সানা গাঙ্গুলির। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচ শিখেছেন তিনি। তবে খেলাধুলার চেয়ে নিজের পড়াশোনা ও পেশাগত জীবন নিয়েই বেশি মনোযোগী ছিলেন। তারকাখ্যাতির আড়ম্বর থেকে দূরে থেকে সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে খুব একটা দেখা যায় না।
উচ্চশিক্ষার জন্য প্রায় পাঁচ বছর লন্ডনে কাটিয়েছেন তিনি। সেখানে পড়াশোনা শেষে কর্মজীবন শুরু করেন। সৌরভের কেনা অ্যাপার্টমেন্টে থাকতেন সানা। এক সাক্ষাৎকারে ডোনা জানিয়েছিলেন, মেয়ে প্রতিদিন লোকাল ট্রেনে অফিসে যেতেন এবং বাসায় ফিরে নিজের রান্না নিজেই করতেন। পূজার আগে দেশে ফেরার বিষয়ে সৌরভ জানিয়েছিলেন, তাদের একমাত্র মেয়ে এবার স্থায়ীভাবে দেশে ফিরেছেন। কলকাতার জাদুঘরেও মায়ের সঙ্গে একটি নৃত্য পরিবেশনায় অংশ নেন সানা। অন্যদিকে ক্রিকেট প্রশাসন, আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচিং এবং বিগ বস বাংলার সঞ্চালনাসহ নানা দায়িত্বে ব্যস্ত সময় কাটছে সৌরভের। পাশাপাশি নিজের জীবন নিয়ে নির্মিত বায়োপিকের কাজেও তার নজর রয়েছে।




