মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বলিউড সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত বিগ বাজেটের সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ৮ কোটি ১৬ লাখ রুপি ছাড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ আয়ের মধ্যে নির্মাতাদের সংরক্ষিত কিছু ‘ব্লকড সিট’-এর হিসাবও রয়েছে। সেগুলো বাদ দিলে সাধারণ অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপির বেশি।
আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির প্রথম দিনের জন্য ইতোমধ্যে দেশজুড়ে ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ে দর্শকদের সাড়া ছবিটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। টিকিট বিক্রির অঙ্ক শেষ পর্যন্ত কতদূর যায়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে।
অগ্রিম বুকিংয়ে ভারতের রাজধানী দিল্লি এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মুম্বাইয়ের কিছু প্রেক্ষাগৃহে ৫, ৬ ও ৭ নভেম্বরের প্রদর্শনীর জন্য রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে। তবে সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলক কম রাখা হয়েছে।
প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিটের এ সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। দেবী সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। মুক্তির পর অগ্রিম বুকিংয়ের এই সাড়া বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার বিষয়।