শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিন এবং কলেজে ১৬ দিন পর্যন্ত বিরতি মিলতে পারে। তবে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদ ভিন্ন।
২০২৬ সালের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা।
কলেজে ছুটি আরও দীর্ঘ। নির্ধারিত সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১৬ দিনের বিরতি তৈরি হচ্ছে। ১ নভেম্বর থেকে কলেজের নিয়মিত কার্যক্রম শুরুর কথা রয়েছে।
অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদেরও টানা পাঁচ দিনের ছুটি মিলছে। ২০ অক্টোবর মহানবমী, ২১ অক্টোবর বিজয়া দশমী এবং ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি দপ্তর বন্ধ থাকবে টানা পাঁচ দিন।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির অভিন্ন সূচি নেই। নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হবে। তাই ক্লাস শুরুর তারিখ নিশ্চিত হতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।