সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষকদের অন্য দুই দাবি হলো—চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা জানান, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনটি দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পার হলেও কোনো দাবিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রায় এক বছর পেরিয়ে গেলেও তাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা করছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।