একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে শিক্ষার্থীদের জন্য ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ নামে একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেড কর্মসূচিটির আয়োজন করে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, ইন্টারনেট সেবা ও আইএসপি খাতের বাস্তব কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত আচরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। এছাড়া আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভিটিএসপিএবির সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ, সামিট কমিউনিকেশন্সের সিএমও শারমিন জামান এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওয়ান স্কাই কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন বলেন, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব আইএসপি কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।আয়োজকদের মতে, তথ্যপ্রযুক্তি খাত দ্রুত পরিবর্তনশীল হওয়ায় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে বর্তমান কর্মবাজারের জন্য প্রস্তুত হওয়া কঠিন। বাস্তব কাজের অভিজ্ঞতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা শিক্ষার্থীদের কর্মজীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওয়ান স্কাই কমিউনিকেশন্সের পাশাপাশি ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার ও প্রগতি এ কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।‘আপনার দক্ষতা-আগামীর প্রবেশপথ’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।




