তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে দ্রুত মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) সচিব জানান, মজুরি বোর্ড গঠনের জন্য শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে নাম পাওয়ার পর মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে এবং বোর্ড আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মজুরি বোর্ডে একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন শ্রমিক প্রতিনিধি ও একজন মালিক প্রতিনিধি থাকবেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পখাতের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন। নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর মজুরির হার এবং বিভিন্ন কারখানার বাস্তব অবস্থা বিবেচনায় নেওয়া হবে বলে জানান শ্রম সচিব। বোর্ড এসব বিষয় পর্যালোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের জন্য শ্রম অধিদপ্তরকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। শ্রম অধিদপ্তরও শ্রমিক ও মালিকপক্ষকে প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানিয়েছে। শ্রমিকদের আন্দোলন ও দাবির প্রসঙ্গে সচিব জানান, সরকার শ্রমিকদের দাবির বিষয়ে ইতিবাচক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় শ্রম বিধিমালা নিয়েও সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে।
আগামী ২৭ অক্টোবর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মজুরি বোর্ড গঠন, শ্রম বিধিমালা এবং সাম্প্রতিক শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার পাশাপাশি আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে বলে জানান সচিব।




