মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উচ্চপর্যায়ে রয়েছে। যদিও শুক্রবার (১৬ অক্টোবর) লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
প্রাপ্ত বাজারতথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম কমে ১০৫.৪২ ডলারে দাঁড়ায়। আগের তুলনায় কমেছে ৫০ সেন্ট বা ০.৪৭ শতাংশ। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭.৪৮ ডলারে নেমে আসে।
দাম সামান্য কমলেও বাজারের মূল উদ্বেগ কাটেনি। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দামের মধ্যে বাড়তি ঝুঁকিমূল্য তৈরি করেছে।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর কূটনৈতিক সমঝোতা জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা কমাতে ভূমিকা রাখতে পারে। বিপরীতে, সংঘাত দীর্ঘ হলে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ—দুই ক্ষেত্রেই অস্থিরতা বাড়তে পারে।




