জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ব্রুনাইয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে দেশের জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমেও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এ খাতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আগ্রহ জানিয়েছে ঢাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের অবকাশে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সেখানেই তিনি বিনিয়োগের এ প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। জ্বালানি খাতের পাশাপাশি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থায়ও ব্রুনাইয়ের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জনশক্তি রপ্তানির বিষয়েও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন হুমায়ুন কবির। তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশের প্রস্তুতি রয়েছে।
জবাবে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ জানান তিনি।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।