রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি নেই। শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে রাজধানীর বায়ুমান স্কোর ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
আইকিউএয়ারের তালিকায় ২৪৫ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর। আর ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। এই হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান স্কোর ১৭৯ হওয়ায় রাজধানীর বাতাস জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। দূষিত বাতাস শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্রোগে আক্রান্ত মানুষের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।




