যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে মোবাইল ফোনসহ আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রেশমা আক্তারের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট এলাকায়।