রাজধানীর গুলশানে পেয়ারি তেহারি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবারের উপকরণ সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন, খাদ্য সংরক্ষণের অনুপযোগী পাত্রে রাখা ছিল।
এ ছাড়া রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।