রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি নেই ক্রেতাদের। বাজারে সবজির সরবরাহ থাকলেও বেশির ভাগ পণ্য বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ১২০ টাকায়। টমেটোর দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছে। ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
শুক্রবার রাজধানীর হাতিরপুল ও পলাশী বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিমের দাম ১২০ টাকা। করলা, কাকরোল, ঢেঁড়স, ঝিঙ্গা, ধুন্দল ও কচুরমুখী কিনতে খরচ হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। লাউয়ের আকারভেদে দাম ৬০ থেকে ৭০ টাকা। চালকুমড়া, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা, পটল ও বরবটির কেজি ৬০ থেকে ৮০ টাকা।
সবজির মধ্যে টমেটো ও বেগুনের দাম বেশি। প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বেগুনের কেজি ৮০ থেকে ১৪০ টাকা। কাঁচামরিচের দামও কেজিপ্রতি ১৫০ টাকা। তবে তুলনামূলক কম দামে মিলছে কাঁচা পেঁপে।
ডিম কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা এবং হাঁসের ডিম ১৮০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দামেও ঊর্ধ্বগতি রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকা, পাকিস্তানি জাতের মুরগি ৩৫০ টাকা, লেয়ার ৩৮০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংসের কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা।
বাজারে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের উচ্চমূল্য নিম্ন ও মধ্য আয়ের মানুষের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাজেটের সঙ্গে সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে অনেক ক্রেতাকে।