নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে চাঁদপুরের বড় স্টেশন এলাকার তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলকে ২০ হাজার এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ও চাঁদপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




