বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের। ৩৪ বছর বয়সী এই ব্যক্তির সন্ধান না পেয়ে উদ্বিগ্ন স্বজনেরা। নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা বাচ্চু কাজী।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ১১টার দিকে সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাড়ি থেকে বের হন জাবের। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ১১টার দিকে ইমুতে পাঠানো একটি বার্তায় তিনি পরিবারের সদস্যদের জানান, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব।’ কিন্তু পরদিনও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। তার ফোন বন্ধ থাকায় যোগাযোগও সম্ভব হচ্ছে না।
জাবের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে থাকেন। গত ৫ অক্টোবর পরিবারসহ বাংলাদেশে এসেছিলেন তিনি। তার বাবা বাচ্চু কাজী জানান, আত্মীয়স্বজন ও ছেলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কারও বিরোধ নেই বলে উল্লেখ করে তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নিখোঁজের দুই দিন পরও জাবেরের সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। তাকে খুঁজে পেতে স্বজনেরা সবার সহযোগিতা চেয়েছেন। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, জাবেরের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।