নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরশহরের নওহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। লিটন তালুকদার নওহাল এলাকার বাসিন্দা। তিনি মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নেওয়ার বিপরীতে জামানত হিসেবে নিজের হিসাবের চেক দিয়েছিলেন লিটন। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনারের মামলা করে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।