নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে শাকিল (২২) নামে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গড়াডোবা বাজারসংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
শাকিল উপজেলার গন্ডা ইউনিয়নের গারাদিয়া গ্রামের বাসিন্দা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানটি পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানায় ভ্রাম্যমাণ আদালত। পরে আটক তরুণ দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাদক নির্মূল ও তরুণদের মাদকের কবল থেকে দূরে রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।