ধর্মীয় প্রার্থনা, বর্ণিল আয়োজন আর পুণ্যলাভের প্রত্যাশায় মুখর হয়ে উঠেছিল বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহার। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে শেষ হয়েছে খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টায় বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় সূত্র পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়।
সকাল ৮টায় বোমাং রাজবাড়ি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়কগুলো ঘুরে শোভাযাত্রাটি খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহার প্রাঙ্গণে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর উৎসর্গ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আনুষ্ঠানিকতায় চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, বৈখ্যংপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তামাচারা মহাথের, খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনুমং মারমা। এ ছাড়া বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ স্থানীয় দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, কঠিন চীবর তৈরির ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং রং করার মাধ্যমে চীবর প্রস্তুত করা হয়। পরে তা ভিক্ষুসংঘের উদ্দেশে উৎসর্গ করা হয়। বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দানের মাধ্যমে শারীরিক, মৌখিক ও মানসিকভাবে পুণ্য অর্জন করা যায়। এ কারণেই কঠিন চীবর দানকে বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়।
প্রবারণা পূর্ণিমার পরবর্তী এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এ উৎসবের প্রস্তুতি চলে। এ সময় ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে চীবর তৈরি করে নির্ধারিত ধর্মীয় রীতিতে ভিক্ষুসংঘকে তা দান করেন। এই আয়োজনের মধ্য দিয়ে তারা নিজের ও সবার সুখ, শান্তি এবং বিশ্বমঙ্গলের প্রার্থনা করেন।




