চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত ইস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।