কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামে কয়েল থেকে সৃষ্ট আগুনে একটি গোয়ালঘর পুড়ে তিনটি ছাগল মারা গেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার একতারপুর গ্রামের মো. আব্দুল ওহাব (৪৫), পিতা-মৃত আফসার শেখের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে আব্দুল ওহাব চিৎকার শুরু করেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাত আনুমানিক ৪ টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গোয়ালঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত আব্দুল ওহাবের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।