দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই পেরিয়ে এবার মানুষের জীবনমান উন্নয়নের সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এই পরিবেশ ধরে রাখতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।
মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে দেশের পরিস্থিতি নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। তিন বছর আগেও এমন স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার কথা অনেকে ভাবতে পারেননি। এখন এই পরিবেশ ধরে রেখে অভাব-অনটন মোকাবিলা এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। কঠিন পরিস্থিতি পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হবে। নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করা গেলেও দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের কথাও উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারকে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
রাজনৈতিক আলোচনা ও কর্মসূচিতে সংযমের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংসদে গঠনমূলক আলোচনা হলেও বাইরে অনেক সময় সেই পরিবেশ বজায় থাকে না। উত্তেজনা থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশের ক্ষতি করতে পারে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, পরিষদের উপদেষ্টা অধ্যাপক জেডএম ফারুকী, অধ্যাপক জাকির হোসেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন কিরনসহ অন্যরা উপস্থিত ছিলেন।