ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে নাটোরের মন্দির ও পূজামণ্ডপ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর নাটোর জেলায় ৪০২টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
মহাষষ্ঠীর সকালে বিভিন্ন মণ্ডপে ষষ্ঠী কল্পারম্ভ ও দেবীর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, বেলতলায় দেবীর অকালবোধন, আমন্ত্রণ ও অধিবাসের আয়োজন করা হয়। পরে ঘটস্থাপনসহ বিভিন্ন আচার পালনের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল পর্ব।
উৎসব উপলক্ষে মণ্ডপগুলোতে ভক্তদের বরণ ও অঞ্জলি প্রদানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার কাছে বিশ্বশান্তি, মানুষের কল্যাণ ও সম্প্রীতি কামনায় প্রার্থনা করবেন ভক্তরা। দুর্গোৎসবকে ঘিরে জেলার মন্দির ও মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।




