চট্টগ্রামের হাটহাজারীর পরিচিতি এবার নতুন করে ছড়িয়ে পড়ছে দেশের বাইরে। হালদা নদীর তীরবর্তী জমিতে উৎপাদিত সুগন্ধি ও কম ঝালযুক্ত মিষ্টি লাল মরিচ এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। স্থানীয় কৃষকের দীর্ঘদিনের শ্রমে গড়ে ওঠা এই কৃষিপণ্য বিদেশের বাজারেও জায়গা করে নিচ্ছে।
ব্রিটিশ আমল থেকেই হাটহাজারীর এই মরিচের সুনাম রয়েছে। তবে নামের সঙ্গে ‘মিষ্টি’ শব্দটি থাকলেও এর স্বাদ চিনির মতো মিষ্টি নয়। মূল আকর্ষণ এর স্বতন্ত্র ঘ্রাণ, আকর্ষণীয় রং এবং তুলনামূলক কম ঝাল। এসব বৈশিষ্ট্যের কারণে রান্নায় বিশেষ স্বাদ ও সুবাস আনতে মরিচটির আলাদা কদর তৈরি হয়েছে।
হালদা নদীর অববাহিকার গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারাসহ বিভিন্ন এলাকায় কয়েকশ একর জমিতে এই মরিচের আবাদ হয়। হালদার তীরবর্তী জৈব পদার্থসমৃদ্ধ দোআঁশ মাটি এবং স্থানীয় আবহাওয়া মরিচটির উৎপাদনের জন্য উপযোগী। এ কারণে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত। রাউজান ও ফটিকছড়িতেও একই জাতের মরিচ চাষ হলেও হাটহাজারীর উৎপাদিত মরিচের চাহিদা তুলনামূলক বেশি।
এই মরিচের কাঁচা রং হলুদাভ সবুজ, আর শুকিয়ে গেলে ধারণ করে আকর্ষণীয় কালচে লাল বর্ণ। সাধারণত প্রতিটি মরিচের দৈর্ঘ্য আড়াই থেকে চার ইঞ্চি। গাছের উচ্চতা সাড়ে তিন থেকে চার ফুট পর্যন্ত হয়। একটি গাছে ৫০ থেকে ৮০টি মরিচ ধরে। ১২০ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। রবি মৌসুমে প্রতি হেক্টরে দেড় থেকে দুই টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
বাজারে চাহিদা অনুযায়ী হালদা মরিচের দাম কেজিপ্রতি ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ওঠানামা করে। অন্যান্য দেশি মরিচের তুলনায় এর দাম সাধারণত ৫০ থেকে ১০০ টাকা বেশি। স্থানীয় বিক্রেতাদের কেউ কেউ বর্তমানে প্রতি কেজি ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি করছেন। দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা নেই।
হাটহাজারী সদরের কাচারি সড়কের মরিচহাটার গলিতে প্রতি রোববার ও বৃহস্পতিবার এই মরিচের বেচাকেনা হয়। শুধু স্থানীয় ক্রেতারাই নন, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ এখানে আসেন। শীত মৌসুমে মরিচের বীজ ও চারা সংগ্রহ করতেও কৃষকদের ভিড় দেখা যায়। কাঁচা মরিচ দিয়ে চাটনি ও সালাদ তৈরির পাশাপাশি শুকিয়ে গুঁড়ো করে দেশের বাইরে থাকা স্বজনদের কাছেও পাঠান অনেকে।
তবে ঐতিহ্যবাহী এই জাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকদের নিজস্ব পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণের কারণে এর গুণগত বৈশিষ্ট্য এবং রোগবালাই সহনশীলতা কমে আসছে বলে কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে অনেক কৃষক হাইব্রিড মরিচের দিকে ঝুঁকছেন। এতে দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় উন্নত ও বিশুদ্ধ বীজ সংরক্ষণ, জাতটির বৈশিষ্ট্য নিয়ে গবেষণা, কৃষকদের প্রশিক্ষণ এবং আধুনিক বালাই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। পাশাপাশি জৈব সার ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা, কৃষক সমবায় গঠন এবং মরিচ প্রক্রিয়াজাত করে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই মরিচকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগও রয়েছে।
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশনায় হালদা মরিচের আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে চাষ সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। এসব জমিতে নিবিড় পরিচর্যা ও নিয়মিত তদারকি করা হচ্ছে। ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারীর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আরও বেশি কৃষককে এই চাষে আগ্রহী করে তোলাই তাদের লক্ষ্য।
স্থানীয় কৃষি ঐতিহ্যের পরিচয় বহনকারী হালদা মরিচের বিদেশে বাজার তৈরি হওয়া কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রয়োজন এর স্বকীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে হাটহাজারীর নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করা।