খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ যেন স্বাচ্ছন্দ্যে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এ ছাড়া পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এবার খাগড়াছড়ি জেলায় ৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।