কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পথ চিনতে না পেরে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়েন নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত। এ সময় বিএসএফ তাকে আটক করে। পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করা হয়।
পরে শশীদল সীমান্তের মেইন পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। দুপুর পৌনে ২টার দিকে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল মাহবুব মোরশেদ জানিয়েছিলেন, দুই পুলিশ সদস্যকে ফেরত আনতে যোগাযোগ চলছে এবং তাদের অক্ষত রাখা হয়েছে।




