ভ্যানচালকের ছদ্মবেশে মাদক পরিবহনের অভিযোগে চাঁদপুর শহরে মোহাম্মদ আলী মিজি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাতে শহরের বকুলতলা এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মাদকবিরোধী অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, আলী মিজি দীর্ঘদিন ধরে ভ্যানচালকের পরিচয়ে বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তবে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি।
চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাদ্দাম মাল ও জেলা যুবদলের সহসভাপতি শাহনূর বেপারী শানু। শানু আসন্ন পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
সাদ্দাম মাল বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য ক্ষতিকর। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো দরকার।
চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম ও এএসআই মো. আনোয়ার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলছে।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক তৎপরতা চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।




