২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি ও তারেক রহমানের ভূমিকার কথা তুলে ধরেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। তার দাবি, তারেক রহমানের পরিকল্পনা ও বিএনপির নেতৃত্বেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং দেশের মানুষের সম্মিলিত অর্জন।
শুক্রবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল আমিন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও।
বক্তব্যে তিনি নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বলেন, জনগণ বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে। তার মতে, ২০২৪ সালের আন্দোলনে বিএনপির নেতৃত্ব ও তারেক রহমানের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানকে কোনো দলের একক অর্জন হিসেবে দাবি করা উচিত নয়।
ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, বিএনপি নেতা মাজহার চৌধুরী ও সাব্বির হোসেনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
মাঠের খেলায় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দল জয়ী হতে না পারায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। এতে ৪-৫ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে উইনার কার্ড তুলে দেওয়া হয়।