এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম হতাশাজনক চিত্র উঠে আসায় কুমিল্লা শিক্ষা বোর্ডের নজরদারিতে এসেছে ৭৯টি কলেজ। এসব প্রতিষ্ঠানে পাসের হার ৩০ শতাংশের কম হওয়ায় সংশ্লিষ্ট অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় প্রয়োজনীয় নথিপত্রসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, তলব করা কলেজগুলোর মধ্যে কুমিল্লার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনীর চারটি প্রতিষ্ঠান রয়েছে।
নোটিশে কম পাসের হারের কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বোর্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সভায় অধ্যক্ষদের গত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
এদিকে কয়েকজন কলেজপ্রধানের দাবি, এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন ও তুলনামূলক কঠিন প্রশ্নপত্রের কারণে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি বিজ্ঞান, আইসিটি, গণিত ও ইংরেজির মতো বিষয়ে দক্ষ শিক্ষকের সংকটও খারাপ ফলের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানিয়েছেন, ফলাফল খারাপ হওয়ার পেছনের কারণগুলো চিহ্নিত করতেই এই উদ্যোগ। লিখিত ব্যাখ্যা নেওয়ার পাশাপাশি অধ্যক্ষদের সঙ্গে সরাসরি আলোচনা করে ভবিষ্যতে ফল উন্নয়নের পথ খোঁজা হবে। তবে কোনো প্রতিষ্ঠানের জবাব গ্রহণযোগ্য না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।