রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক পর্যটন সড়কে অবরোধের ডাক দেওয়া দুই সংগঠন কর্মসূচি আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। এরপর জেলা প্রশাসন সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সাজেকের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।




