বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দু সম্প্রদায়ের বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নির্বাচনে তিনি যে ভোট পেয়েছেন, তার বড় অংশই এসেছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে। আগে যেসব কেন্দ্রে জয়ী হতে পারেননি, সেখানেও হিন্দুদের ভোটে জয় পেয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত সাত মাসে বর্তমান সরকার সনাতন সম্প্রদায়ের জন্য যেসব কাজ করেছে, আগের ১৫ বছরেও তা করা হয়নি। সরকার দৃষ্টান্ত স্থাপন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের একজন সরকারপ্রধান পূজামণ্ডপ ঘুরে দেখবেন। বিএনপির বিজয়ের পেছনে হিন্দু সম্প্রদায়ের অবদান রয়েছে—এ বিশ্বাস প্রধানমন্ত্রীসহ দলের সবার আছে বলেও মন্তব্য করেন তিনি।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী।
সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংস্করণ ২