কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই এলাকার ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার মেয়ে সামিয়া (৯) ও সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরে দুই বোন বাড়ির পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন সামিয়াও পানিতে তলিয়ে যায়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচা হুমায়ুন কবির পুকুরে গোসল করতে নেমে পানির নিচে একটি শিশুর দেহের স্পর্শ পান। সন্দেহ হলে তিনি তল্লাশি চালিয়ে সামিয়াকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে সানিয়াকেও উদ্ধার করা হয়। স্থানীয়রা দুই বোনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই বাড়ির শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া বড়। তাদের ছোট বোন মরিয়মের বয়স দুই বছর। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শুক্রবার রাতে জানান, সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। ঘটনার বিষয়ে খোঁজ নিতে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।