পাবনার বেড়া মডেল থানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় যাত্রীবাহী একটি বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে থানাসংলগ্ন শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে হামলা চলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে। ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ করেন। ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচজনের মুক্তির দাবিতে তারা স্লোগান দেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার দিকে এগিয়ে যান। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করেন এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। হামলার মধ্যে থানার সামনে থাকা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় বেড়া থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি বাস।
পরিবহনটির অন্যতম স্বত্বাধিকারী মোমিতুল চৌধুরী জানান, হামলায় তাদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য বাসটি ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে ১৯ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ১৯ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেওয়ার পাশাপাশি থানার বন্ধ ফটকে আঘাত করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে রোববার ভোরে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ডাকবাংলো ঘাট এলাকায় এসে অবস্থান নেন।