চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মো. আব্দুর রশিদ প্রধান নামে এক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। একই বাড়ির বাসিন্দা মো. তারেক প্রধানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রশিদ। তবে তারেকের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে দেওয়া ফেসবুক পোস্টের তথ্য সঠিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাগদা গ্রামের জালাল উদ্দিন প্রধানিয়া বাড়িতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের বাসিন্দা রশিদ আগে প্রবাসে ছিলেন। প্রায় দুই বছর আগে দেশে ফিরে নাগদা বাজারে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা শুরু করেন। একই বাড়ির বাসিন্দা ও চট্টগ্রামে গাড়িচালক হিসেবে কর্মরত তারেকের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা শহীদ উল্যাহ বলেন, রশিদ প্রায় এক বছর ধরে নাগদা বাজারে ব্যবসা করছেন। তার সঙ্গে কারও বিরোধ রয়েছে বলে তিনি জানেন না। রশিদের দীর্ঘদিনের পরিচিত নবীর হোসেনও তাকে ভদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় প্রবীণ বাসিন্দা মজিবুর রহমান বলেন, রশিদকে ছোটবেলা থেকে চেনেন। তার বিরুদ্ধে আগে কোনো খারাপ অভিযোগ শোনেননি।
অভিযুক্ত তারেকের বোন তানজিনা বলেন, তারেক ফেসবুকে যেসব পোস্ট দিয়েছেন, সেগুলো সত্য। তবে তারেকের পক্ষ থেকে অন্য কেউ বক্তব্য দিতে এগিয়ে আসেননি।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, গত ৬ অক্টোবর রাত ৩টার পর থেকে তার বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। তারেকের পরিবারের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে দাবি করে তিনি জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাদের জানিয়েছেন। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।
অন্যদিকে, মুঠোফোনে তারেক প্রধান বলেন, পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে রশিদের পরিবারের সঙ্গে বিরোধ রয়েছে। ফেসবুকে দেওয়া লেখাগুলো সঠিক বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, কেউ এসব তথ্য ভুল প্রমাণ করতে চাইলে চ্যালেঞ্জ করতে পারেন।