জয়পুরহাট  জেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন| এ সময় আরও ২ জন আহত হয়েছেন|  
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে| 
মৃত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে| আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)|
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়| এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর ২ জন গুরুতর আহত হন| পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ৪শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন|
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে| পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে|