পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি কক্ষের বাথরুম থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলায় ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




