শরীয়তপুরে এ বছর ১০২টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আর মাত্র এক দিন বাকি থাকায় জেলার বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের দুর্গামন্দিরের ব্যতিক্রমী সাজসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। সেখানে মসুর ডাল দিয়ে সাজানো হয়েছে দুর্গাসহ সব প্রতিমা।
ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন স্থানীয় মানুষ ও পূজারিরা। জেলার অন্য মণ্ডপগুলোতেও প্রতিমায় রং করা এবং সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা আনন্দ, ভক্তি ও মঙ্গলকামনার উৎসব। ভক্তদের বিশ্বাস, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন। দেবীর চরণে অঞ্জলি দিয়ে পরিবার, সমাজ ও দেশবাসীর মঙ্গল কামনায় অপেক্ষা করছেন তারা। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি চলছে। আয়োজকেরা আশা করছেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।