চাঁদপুর শহরে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) মারা গেছে। ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর শিশু ফাইজা আক্তার (৬) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শিশুদের খালা ইয়াছমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাব্বির মা ফোন করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন। বিকেলে তার মরদেহ বাড়িতে নেওয়ার কথা রয়েছে।
গত ৩ অক্টোবর বেলা ২টার দিকে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের আরএস টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে দুই শিশু। এতে তারা গুরুতর দগ্ধ হয়। প্রথমে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল হাসান জানিয়েছিলেন, ফাইজার শরীরের প্রায় ৫০ শতাংশ এবং রাব্বির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। রাব্বির অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। রাব্বি ও ফাইজা খালাতো ভাইবোন। ঘটনার দিন তারা মায়ের সঙ্গে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।
শিশুদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।