কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা কাউছার নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এনএসআইয়ের মো. সোহেল কাউছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কাউছারের মৃত্যুর বিষয়টি ওই মুহূর্তে তার জানা ছিল না। তবে ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।




