চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। অগ্নিকাণ্ডের পরপরই পরিবারটির জরুরি প্রয়োজন বিবেচনায় প্রাথমিকভাবে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং তাদের দুর্ভোগের কথা জানতে ইউএনও সেখানে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।