দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেন।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিঠি অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ১৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশের সরকারি ছুটি থাকায় বন্দর বন্ধ থাকবে। ২৫ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি পাওয়া গেছে। এ সময়ে বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু থাকবে।