ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা আর ভক্তদের প্রার্থনায় উৎসবমুখর হয়ে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল। শুক্রবার মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলার ৭৩টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার।
সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আয়োজন আরও পূর্ণতা পায়। আগামী বিজয়া দশমী পর্যন্ত চলবে নানা ধর্মীয় আচার ও উৎসবের আয়োজন।
দুর্গাপূজাকে কেন্দ্র করে ত্রিশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ। মণ্ডপগুলো সাজানো হয়েছে পূজার আয়োজন ঘিরে। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ উৎসবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই যাচ্ছেন পূজামণ্ডপে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির প্রতিষ্ঠার প্রতীক। প্রতিবছর দেবীর আগমনকে ঘিরে এই উৎসব উদযাপিত হয়। প্রচলিত পঞ্জিকা অনুসারে, এবার দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং নৌকায় বিদায় নেবেন।
আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। উৎসবকে ঘিরে ত্রিশালে ধর্মীয় আবহের পাশাপাশি সম্প্রীতির পরিবেশও বিরাজ করছে।