১৯৭১ সালের ২৩ নভেম্বর। রাতভর গোলাগুলি, সম্মুখযুদ্ধ আর প্রাণপণ প্রতিরোধের পর অবশেষে শত্রুমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাহসী লড়াইয়ে অর্জিত হয় ঐতিহাসিক বিজয়। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুরই প্রথম হানাদারমুক্ত হওয়ার গৌরব অর্জন করে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সেই বিজয়ের স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো আজও যথাযথভাবে সংরক্ষিত হয়নি। ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচিহ্ন অযত্নে পড়ে থাকায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।
প্রতিরোধের ঘাঁটি থেকে মুক্তির লড়াই
মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের অন্তর্ভুক্ত। সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তোলেন। সেখান থেকেই সংগঠিত হতে থাকে প্রতিরোধ ও আক্রমণের প্রস্তুতি।
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজাপুরে মুক্তিযোদ্ধাদের তৎপরতা বাড়তে থাকে। বিশেষ করে ১৪ নভেম্বরের পর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো হয়। অন্যদিকে স্থানীয় সহযোগীদের সহায়তায় হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর চালায় নির্মম নির্যাতন। নিরীহ মানুষকে ধরে এনে হত্যা করে লাশ নদী ও খালে ফেলে দেওয়া হতো।
রাজাপুর থানা ঘাটসংলগ্ন বধ্যভূমি হয়ে ওঠে হত্যাযজ্ঞের অন্যতম স্থান। সেখানে মানুষকে বেঁধে গুলি করে পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। তৎকালীন কলেজছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত খুঁড়ে জীবন্ত মাটিচাপা দেওয়ার ঘটনাও স্থানীয়দের স্মৃতিতে আজও গভীর ক্ষত হয়ে আছে।
রাতভর যুদ্ধ, সকালে বিজয়
মুক্তিযুদ্ধের চূড়ান্ত লড়াই শুরু হয় ২২ নভেম্বর রাতে। রাজাপুর থানা এলাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা। তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা এই অভিযানে অংশ নেন।
রাতভর চলে তীব্র গোলাগুলি ও পাল্টাপাল্টি আক্রমণ। মুক্তিযোদ্ধাদের দৃঢ় অবস্থানের মুখে হানাদার বাহিনী ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে। ২৩ নভেম্বর সকাল পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার পর একপর্যায়ে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পতন ঘটে রাজাপুরে তাদের দখলদারত্বের।
এই যুদ্ধে শহীদ হন দুই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও হোসেন আলী। গুলিবিদ্ধ হয়ে আহত হন সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ২০ জন মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগ ও অসীম সাহসিকতায় অর্জিত হয় রাজাপুরের মুক্তি।
বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। আব্দুর রাজ্জাক ও হোসেন আলীর আত্মত্যাগ রাজাপুরের মুক্তির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত জানান, কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করে ক্যাপ্টেন শাহজাহান ওমর যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজাপুর থানার সম্মুখযুদ্ধেও তিনি সরাসরি অংশ নেন এবং গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
গণহত্যার সাক্ষী বধ্যভূমি, নেই সংরক্ষণ
রাজাপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি হলো এখানকার গণহত্যা। মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটসংলগ্ন বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। এ ছাড়া ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে প্রাণ হারান আরও প্রায় ২০০ মানুষ।
অর্থাৎ দুটি স্থানেই প্রায় এক হাজার মানুষের হত্যার স্মৃতি জড়িয়ে রয়েছে। অথচ এত বড় হত্যাযজ্ঞের সাক্ষী বধ্যভূমিগুলো এখনো যথাযথভাবে চিহ্নিত ও সংরক্ষিত হয়নি। নেই প্রয়োজনীয় স্মৃতিফলক, ইতিহাস তুলে ধরার তথ্যসমৃদ্ধ ফলক কিংবা দর্শনার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ। ফলে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মের জানার সুযোগও সীমিত হয়ে পড়ছে।
মুক্তিযোদ্ধাদের আক্ষেপ, দাবি সম্মান ও স্বীকৃতির
বধ্যভূমি সংরক্ষণের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জীবনমান ও তাদের অবদানের যথাযথ স্বীকৃতির বিষয়টিও সামনে এসেছে। রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অসীম ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা এখনো নানা সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের অবদান ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের আক্ষেপ আরও ব্যক্তিগত। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সরকারি বরাদ্দের মুক্তিযোদ্ধা ঘর পাননি তিনি। অন্য অনেকের ঘর বরাদ্দ হলেও তার ভাগ্যে তা জোটেনি। জীবনের শেষ সময়ে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই দেশের দেওয়া একটি ঘরে শেষ জীবন কাটাতে পারলে মৃত্যুর পরও শান্তি পাবেন।
মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান মনে করেন, শুধু আনুষ্ঠানিক স্মরণ নয়, মুক্তিযুদ্ধের নিদর্শনগুলো রক্ষায় বাস্তব উদ্যোগ প্রয়োজন। তাদের দাবি, বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সেখানে সংঘটিত হত্যাযজ্ঞের ইতিহাস লিখিতভাবে তুলে ধরতে হবে। অন্যথায় সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে মুক্তিযুদ্ধের বহু গুরুত্বপূর্ণ স্মৃতি।
প্রশাসনের আশ্বাস, অপেক্ষায় বাস্তবায়ন
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই
রাজাপুরের ২৩ নভেম্বর কেবল একটি এলাকার শত্রুমুক্ত হওয়ার দিন নয়; এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। এই বিজয়ের পেছনে রয়েছে শত শত মানুষের আত্মত্যাগ, অসংখ্য পরিবারের স্বজন হারানোর বেদনা এবং মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা।
স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বধ্যভূমিগুলো সংরক্ষণের অপেক্ষায় থাকা অত্যন্ত দুঃখজনক। স্মৃতিস্তম্ভ নির্মাণ, গণহত্যার স্থানগুলো সংরক্ষণ, শহীদদের নাম ও পরিচয় সংগ্রহ এবং ইতিহাসভিত্তিক তথ্যকেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়; পরবর্তী প্রজন্মের কাছে সেই ইতিহাসের বাস্তব সাক্ষ্যও তুলে ধরতে হবে। রাজাপুরের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে বধ্যভূমিগুলোকে অবহেলা থেকে মুক্ত করাই হবে সবচেয়ে জরুরি পদক্ষেপ।