দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত দুই দেশের বাণিজ্য কার্যক্রম ১৭ থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আরও দুই দিন কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
ক্যাপশন: দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় সাত দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি।