দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীতে দেবীর নিদ্রাভঙ্গের আবাহনের মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে শুরু হয় পূজার আচার। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় ৪৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার পাশাপাশি ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। নানা রঙের পোশাকে সজ্জিত পূণ্যার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। উৎসবের আনন্দ ভাগ করে নিতে ভক্তদের ভিড়ও বাড়তে থাকে।
প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলে। তবে এ বছর পঞ্জিকা অনুযায়ী সপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসব চলবে ছয় দিন। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।