রংপুরের ধর্মসভায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার কথা রয়েছে। তার সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বিজিবি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার বিকেলে নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। এ সময় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চারটি টহল দল প্রস্তুত রাখা হয়েছে। এসএসএফের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নিরাপত্তা বলয়ের নির্ধারিত স্থানে সশস্ত্র বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন থেকে প্রস্থান পর্যন্ত নিরাপত্তা দিতে একটি টহল দল দায়িত্ব পালন করবে।
দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, রংপুরের মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবির টহল চলছে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই দিন নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দিরও পরিদর্শন করেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক। সেখানে মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা উপহার দেন।
এর আগে দুপুরে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার করুণাময়ী কালিমন্দির পরিদর্শন করেন। তিনি মন্দির কমিটি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রংপুরে সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।